নাটক

অপূর্ব-সাবিলার বিয়ে নিয়ে বিড়ম্বনা!

ঢাকা, ০৬ জুলাই – বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত। অপূর্ব-সাবিলার মধ্যে আলাপ হচ্ছে তাদের অনাগত সন্তান নিয়ে। বাচ্চা হলে নাম কী হতে পারে! দু’জনে দুটো নাম বলেন। কেউ কারোটা একসেপ্ট করেন না। দু’জনেই সিদ্ধান্ত নেন তারা এই বিয়ে করবেন না! এভাবে অনেকবার তারা বিয়ে ঠিক করেন, আবার তা ভেঙে দেন। যার শেষটা হয় আরো ভয়ংকর।

এমন গল্প নিয়ে সিএমভির ব্যানারে শিহাব শাহীন নির্মাণ করলেন একক নাটক ‘বিয়ে বিড়ম্বনা’। জান্নাতুল ফিরদৌস লাবণ্যর চিত্রনাট্যে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর।

নির্মাতা শিহাব শাহীনের ভাষ্যে, ‘গল্পটি খুব মজার। খুনসুটিতে ভরা, আবার গভীর প্রেমও রয়েছে। এগুলো আসলে সবার জীবনেই কম-বেশি ঘটেছে, ঘটছে এখনো। চেষ্টা করেছি বিয়ে ভাঙা-গড়ার এসব ছোট ছোট ঘটনা নিয়ে অন্যরকম একটা বিড়ম্বনার গল্প বলতে। ঈদের কাজ হিসেবে, এটা একটু অন্যরকম হবে বলে আশা রাখছি।’

গল্পের শেষের দিকে অপূর্ব-সাবিলা দু’জনেই আলাদাভাবে মুখোমুখি হন গুণ্ডা বাহিনীর! তাদের পরিণতি জানতে ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ লক্ষ্য করে ‘বিয়ে বিড়ম্বনা’সহ একডজন তারকাবহুল নাটক নির্মাণ হয়েছে সিএমভির ব্যানারে। যা ধারাবাহিকভাবে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এন এইচ, ০৬ জুলাই

Back to top button
🌐 Read in Your Language