ঢালিউড

আমি বিয়ে করিনি, খবরটি ভুয়া : মাহি

ঢাকা, ২০ জুন – সবে পাঁচ বছরের সংসারের ইতি টানার খবর জানিয়েছেন মাহিয়া মাহি। বিচ্ছেদের ক্ষত এখনও শুকোয়নি! অতীত সম্পর্ক রোমন্থনেই কেটে যাচ্ছে সময়। এরই মধ্যে ছড়িয়ে পড়েছ তার নতুন বিয়ের খবর। বেশ কিছু সংবাদমাধ্যমে মাহির সেই বিয়ের খবর প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে রোববার মাহির সঙ্গে যোগাযোগ করা হলে খবরটি সরাসরি নাকচ করে দিলেন ঢাকাই ছবির এ নায়িকা। মাহি বলেন, ‘পুরোপুরি ভুয়া কথা এটি। আমি বিয়ে করিনি। এমন খবর যারা ছড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকলো এগুলো থেকে বিরত থাকুন।’

মাহিয়া মাহি রোববার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন যেখানে স্বামী অপুর দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয়না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখতো অন্যদিকে যায়না।’ ক্যাপশনের সঙ্গে একটি দুঃখসূচক ইমোজি।

মাহি স্পষ্ট করেই জানালেন তার জীবনে নতুন কোনো পুরুষের আবির্ভাব ঘটেনি।

গত বছরের শুরুর দিকে মাহিয়া মাহির বিয়ে বিচ্ছেদের খবর শোনা যায়। সে সময়য় মাহি বলেছিলেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।’ তবে এ বছরে এসে সে কথা বাস্তবে পরিণত হয়। অপু ও মাহি আলাদা হয়ে যান।

২০১৬ সালে বিয়ে করেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। তার স্বামী অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে সিলেটে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। দুই পরিবারের সম্মতিতে সে বছর ২৫ মে তাদের বিয়ে হয়।

সূত্র : সমকাল
এম এউ, ২০ জুন


Back to top button
🌐 Read in Your Language