টলিউড

কেন নুসরাতকে নিয়ে এত আলোচনা

কলকাতা, ১৩ জুন – নিখিল জৈনকে বিয়ে করেননি নুসরাত জাহান। নিজেই এই তথ্য জানিয়েছেন কলকাতার নায়িকা। এর পর থেকেই চলছে হইচই। সমালোচনায় ভাসছেন বশিরহাটের এই সাংসদ অভিনেত্রী। অনেকেই তাকে মিথ্যাবাদী আখ্যা দিচ্ছেন। মা হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই নতুন করে খবরের শিরোনামে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। এবার নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবি প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা বলেছে, ছবিটি বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডারত অবস্থায় তোলা। যদিও নুসরাতের অনাগত সন্তানকে নিয়ে হাজারো প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বলেছিলেন, সম্ভবত কোনো সিনেমার জন্যই নুসরাত এই বেবি বাম্প তৈরি করেছেন।

এদিকে নিখিল জৈনের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন এমনটাই ভাবা হতো নুসরাতকে। সর্বশেষ দুর্গাপূজায়ও তারা নাচ-গানে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই দৃশ্যগুলো বদলে গেল। সেই দাম্পত্যের গল্প এখন হাসির খোরাকে পরিণত হয়েছে। কারণ নুসরাত জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মতো চলাফেরা করলেও নিখিলকে এখনো বিয়ে করেননি তিনি। তাই সম্পর্ক খারাপ হওয়ায় ডিভোর্স নিয়ে যে আলোচনা চলছে সেটা ভিত্তিহীন। বিয়ে না হলে ডিভোর্সের প্রশ্নই আসে না। নুসরাতের এমন দাবির পর বেশ হইচই শুরু হয়েছে শোবিজে। এদিকে বিয়ে না হলে এখনো লোকসভার ওয়েবসাইটে কেন নিখিলের নাম নুসরাতের স্বামী হিসেবে জ্বলজ্বল করছে, সেই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা খোঁচা দিতে ছাড়ছেন না নুসরাতকে।

এন এইচ, ১৩ জুন


Back to top button
🌐 Read in Your Language