পায়রা তাপ বিদুৎকেন্দ্রে চীনা নাগরিকসহ ৫৭ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী, ২৫ মে- পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। আক্রান্তদের মধ্যে ৩৫ জন চীনা নাগরিক রয়েছেন। পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলাপাড়া উপজেলায় ৫৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। তিনি আরও জানান, এদেরকে তাদের নিজস্ব আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা তাপ বিদুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে কর্মরত এক হাজার জনের করোনা পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষায় ৫৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন চীনা নাগরিক এবং ২২ জন বাংলাদেশি রয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ৪০০-৪৫০ জন চীনের শ্রমিক কর্মরত। এর আগে চলতি মে মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ১৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছিল।
সূত্র : আমাদের সময়
এম এন / ২৫ মে









