তিনি খান থেকে যে কারণে আলাদা সাইফ

মুম্বাই, ২৪ মে – শাহরুখ, সালমান ও আমির— তিন খানের কেউ বাদ পড়লে বলিউড সালতামামি থাকে ফ্যাকাসে। গত তিন দশক ধরে রাজত্ব করছেন তারা। তাদের পরপরই আলোচনায় আসেন আরেক খান— সাইফ আলী খান।
শাহরুখ খানের ‘দিওয়ানা’ রিলিজের মাস খানেক মধ্যে ১৯৯৩ সালে ‘পরম্পরা’ দিয়ে অভিষেক হয় সাইফেরও, সঙ্গে ছিলেন আমির খান। কিন্তু দুই খানের ‘পরম্পরা’ বক্স অফিসে ফ্লপ করে।
সাফল্যের নিরিখে তিন খানের তুলনায় অনেকটাই পিছিয়ে সাইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই কথা মেনে নিয়েছেন শর্মিলা ঠাকুরের ছেলে। তবে তিনি জানান, সালমান-শাহরুখ-আমিরের চেয়ে কম সফল হওয়াটা তার কাছে ‘শাপে বর’।
ফিল্ম কম্পানিয়নকে পতৌদির নবাব জানান, অপেক্ষাকৃত কম সফল হওয়াটা তার জন্য ‘দারুণ ভালো একটা বিষয়’।
সাইফ বলেন, “আমাকে মানতেই হবে ওরা জন্মেছেই অভিনেতা হতে। ওটা ওদের ছোটবেলার লক্ষ্য, দুজনের জন্য এই কথাটা একদম সত্যি তা আমি নিজেই হলফ করে বলতে পারি। সালমানের জন্য প্রযোজ্য কি-না সঠিক জানি না, তবে মনে তো তা-ই হয় ওর সাফল্য দেখে।”
“আমি যখন ছবির দুনিয়ায় এলাম, তখন তোমাকে লক্ষ্য স্থির করতে হবে সুপারস্টার হতে গেলে, আর না হলে মাথা ঘামিয়ে লাভ নেই। সেই সময় ভিন্ন রকমের চরিত্র… এক্সপেরিমেন্ট এমন সুযোগ বেশি ছিল না, যা আজ রয়েছে।”
সাইফ কেন বিভিন্ন ধরনের ছবি নিয়ে নিরীক্ষা করেছেন সেকথাও জানান। অভিনেতা বলেন, অভিনয়কে শেখার জন্য ও বোঝবার জন্যই তিনি এমনটা করেছেন, তাই কিছুটা হলেও অভিনয় ভালোভাবে বুঝতে শিখেছেন। সকলকে তিনি আশা ধরে রাখতে উপদেশ দেন।
“কোনো নির্দিষ্ট পথ নেই, গতে বাঁধা ফর্মুলা নেই সফল হতে গেলে”, বলেন সইফ। যোগ করেন, “এখন তো সিনেমাও বদলে গেছে। আমাকে এখন অনেক বেশি জটিল চরিত্রে প্রস্তাব করা হয়। একটা সুন্দর ও সুস্থ জীবনশৈলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সাবলীলভাবে বাঁচার রসদ জোগাবে— সেটা আজ সিনেমা করে লাভ করা সম্ভব।”
বলিউডে সফল ক্যারিয়ার তৈরিতে অক্ষয় তাকে সাহায্য করেছেন, অকপটে জানান সাইফ। ম্যায় খিলাড়ি তু আনাড়ি, ইয়ে দিল্লাগি, তাশান-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।
সাইফকে শেষবার দেখা গেছে আমাজন প্রাইমের বিতর্কিত ওয়েব সিরিজ ‘তান্ডব’-এ। মাস কয়েক আগেই চতুর্থবার বাবা হয়েছেন ৫০ বছরে পা দেওয়া এই অভিনেতা। সাইফের হাতে রয়েছে বান্টি অউর বাবলি টু, ভূত পুলিশ ও আদিপুরুষের মতো ভিন্ন ভিন্ন ধাঁচের ছবি।
এন এইচ, ২৪ মে









