নারায়নগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস বুড়িগঙ্গায়!

নারায়ণগঞ্জ, ১৬ মে– নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস বুড়িগঙ্গা নদীতে পড়ে গেছে। এ সময় ওই মাইক্রোবাসে থাকা এক প্রবাসীর শিশু সন্তানসহ স্ত্রী আহত হয়েছে।

তাদের দ্রুত ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়েছে। আহতদের নাম জানা যায়নি।

রোববার (১৬ মে) সকাল ১০টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে এ ঘটনা ঘটলেও বিষয়টি বিকেলের দিকে ছড়িয়ে পড়ে।

মাইক্রোবাসের মালিক শাহীন মিয়া জানান, তার বাড়ি বক্তাবলীর প্রসন্ননগর। তার গাড়িটি ভাড়ায় চলে। সকালে প্রসন্ননগরের এক নারী তার বিদেশ ফেরত স্বামীকে এয়ারপোর্ট থেকে আনতে গাড়িটি ভাড়া করেন। সকাল ১০টায় গাড়ির চালক সাদেক ওই নারী ও তার শিশু সন্তানকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশে প্রসন্ননগর থেকে রওয়ানা করেন। বক্তাবলী ফেরিঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করছিলেন চালক। তখন শিশুসহ নারী গাড়িতে বসে ছিলেন এবং চালক সাদেক গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় উঁচু সড়ক থেকে গাড়িটি দ্রুত ফেরির দিকে ছুটে চলে। এ সময় চালক গাড়ির পেছনে দৌড়ে চিৎকার করেন। এতে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে নদীতে নেমে শিশুসহ নারীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছে। তারা তেমন গুরুতর আহত হয়নি। নারীর নাম পরিচয় জানতে পারিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গাড়িটি নদীতে ডুবে আছে। কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে চেষ্টা চালাচ্ছেন গাড়িটি উদ্ধারের জন্য।

সূত্র : বাংলানিউজ
এম এন / ১৬ মে


Back to top button
🌐 Read in Your Language