গোপালগঞ্জ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দম্পতি নিহত

গোপালগঞ্জ, ১৩ মে– গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) ও তার স্ত্রী হাজেরা বেগম (৩০)। রাসেল ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. আজিজুর রহমান জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে মোল্লাহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রাসেল। তাদের মোটরসাইকেল গোপালগঞ্জের ভেন্নাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হন। আহত হন তার স্ত্রী হাজেরা ও মেয়ে আদমীম (১০)। আহত মা-মেয়েকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের খুলনা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা সাড়ে ১১টার দিকে মারা যান।

তিনি জানান, রাসেলের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : সমকাল
এম এন / ১৩ মে


Back to top button
🌐 Read in Your Language