ইরানের সাথে যুদ্ধ ও অন্যান্য খাতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার চাইছে পেন্টাগন

ওয়াশিংটন, ১৯ জুন – ইরানের সাথে চলমান সংঘাতের ব্যয় এবং বিভিন্ন অ-প্রতিরক্ষা খাতের চাহিদা মেটাতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে পেন্টাগন। এই সপ্তাহের শুরুতে মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ এক টেলিফোন আলাপের মাধ্যমে আইনপ্রণেতাদের বিষয়টি নিশ্চিত করেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য প্রচার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রস্তাবিত এই বিশাল তহবিলের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হলেও এর মধ্যে কৃষি ও দুর্যোগ সহায়তার মতো জরুরি অ-প্রতিরক্ষা খাতগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
হোয়াইট হাউস খুব দ্রুতই এই চূড়ান্ত সম্পূরক বাজেট প্রস্তাবটি কংগ্রেসের কাছে পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও রয়টার্স এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিল মাসে এক কর্মকর্তা জানিয়েছিলেন যে ইরান সংঘাতের পেছনে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হওয়া এই সামরিক তৎপরতার প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন ক্যাপিটল হিলে ধোঁয়াশা রয়ে গেছে।
ইতোপূর্বে সরকারের উত্থাপিত ২০০ বিলিয়ন ডলারের প্রাথমিক বাজেট প্রস্তাবটি আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিশাল ব্যয়ের প্রস্তাব মার্কিন রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য ও জ্বালানির চড়া দাম এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
এস এম/ ১৯ জুন ২০২৬









