টাঙ্গাইল

গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪০ হাজারেরও বেশি যানবাহন পারাপার

টাঙ্গাইল, ১১ মে– বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘন্টায় ৪০ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ সময়ে এ যানবাহনগুলো পারাপার হয়। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৪ ঘণ্টায় প্রায় ৩২ হাজার গাড়ি পারাপার হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।’

সূত্র : দেশ রূপান্তর
এম এন / ১১ মে


Back to top button
🌐 Read in Your Language