নারায়নগঞ্জ

‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’, কিশোরের ফেসবুকে গুলির ভিডিও

নারায়ণগঞ্জ, ২৩ মার্চ – ফেসবুক আইডি থেকে ভিডিও আপলোড দিয়েছে এক কিশোর। সে ভিডিওতে দেখা যাচ্ছে অত্যাধুনিক ম্যাগজিন পিস্তল দিয়ে পরপর দুটি ফাঁকা গুলি ছুড়ছে সে। সেই গুলি ছোড়ার ভিডিওচিত্রের সঙ্গে তার কমেন্ট ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। এদিকে এরইমধ্যে সেই ফাঁকা গুলির ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ভিডিওটি আপলোডকারীর নিজের ফেসবুক আইডি পরিচয় পর্যবেক্ষণে দেখা গেছে, আইডির নাম ফারহান আহমেদ রাহুল, ঠিকানা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। ফেসবুক বায়োতে দেখা যায়, সে ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত।

আরও পড়ুন : সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যার অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৭

এদিকে ভিডিও ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও গুলির ভিডিওতে শুধুমাত্র তার হাত দিয়ে গুলি করার ভিডিওটি দেখা যাচ্ছে। ভিডিও নিচে ভুল বানানে লেখা ছিল ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোর ৫টা থেকে ৬টার মধ্যে। গুলি যে ছুড়ছিল তার পাশে দাঁড়িয়ে ফাস্ট টাইম মেশিন ব্যবহারের ভিডিওটি করছিল অন্য কেউ। তবে কারো মুখচ্ছবি ভিডিও করা হয়নি। কিন্তু ফেসবুক প্রোফাইল পিকের রাহুলের ছবিতে পরিহিত বেগুনি রংয়ের পাঞ্জাবির সঙ্গে গুলি করার সময় যে হাতটি দেখা যাচ্ছিল তার পরিধেয় পাঞ্জাবির হাতা ও রঙও হুবহু এক।

এদিকে ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে নারায়ণগঞ্জে কিশোর গ্যাং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় নতুন অস্ত্রসহ এই ভিডিও দেখেও সচেতনমহলের উদ্বেগ বাড়ছে। এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের হাতে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তাদের দমনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। গুলি করা অস্ত্রটি বৈধ না অবৈধ তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। আর একজন কিশোর কী করে হাতে অস্ত্র পায় সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত: এর আগে ২০১৯ সালের ২৫ শে নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামে এক কিশোরের ফাঁকা গুলি করা ভিডিও ভাইরাল হয়েছিল।

এ ব্যাপারে ফতুল্লা থানার (ওসি) রাকিবুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোর ফাঁকা গুলি ছোড়ার ভিডিও ছেড়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ওই কিশোরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language