বাংলাদেশ-নেপালের মধ্যে ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২২ মার্চ – বাংলাদেশ ও নেপালের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির উপস্থিতিতে পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেল ট্রানজিট বিষয়ে এমওইউ স্বাক্ষর হয়।
পর্যটন সহযোগিতা শীর্ষক এমওইউতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন এবং নেপালের পক্ষে সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন সচিব যাদব প্রসাদ কৈরালা সই করেন।
স্যানিটারি ও ফাইটোস্যানিটারি বিষয়ক এমওইউতে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেসবাহুল ইসলাম এবং নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ সচিব দিনেশ ভট্টারি সই করেন।
২০২২-২০২৫ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে এমওইউতে সই করেন বালাদেশের পক্ষে সংস্কৃতি সচিব বদরুল আরেফীন এবং নেপালের পক্ষে দেশটির সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন সচিব যাদব প্রসাদ কৈরালা।
‘লেটার অব এক্সচেঞ্জ অন রোহানপুর-সিংঘাবাদ রেলওয়ে রুট (অ্যামেন্ডমেন্ট টু নেপাল-বাংলাদেশ ট্রানজিট এগ্রিমেন্ট)’ শীর্ষক বিনিময়পত্র বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দীন এবং নেপালের পক্ষে শিল্প, বাণিজ্য ও সরবরাহ সচিব দিনেশ ভট্টারি সই করেন।
এর আগে ক্রেডেনশিয়াল হলে বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান।
সূত্র : আরটিভি
অভি/ ২২ মার্চ









