দিতি অভিনীত প্রথম ছবিটি মুক্তি পায়নি!

ঢাকা, ২০ মার্চ – সবার প্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি দীর্ঘদিন অভিনয়শৈলী প্রদর্শন করে পর্দায় আবিষ্ট করে রেখেছিলেন কোটি কোটি দর্শককে। দুই শতাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে অভিনয়, মডেলিং ও সঙ্গীত- শিল্পচর্চার এ ত্রিধারায় কাজ করে দারুণ প্রশংসাও কুড়িয়েছেন। আজ তিনি নেই। ২০১৬ সালের ২০ মার্চ আজকের এই কদিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তবে রেখে গেছেন অনন্য সব কর্ম।
দিতির জন্ম ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। খুব ছোটবেলায়ই দিতি গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শৈশবে শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতায় জাতীয়ভাবে পুরস্কৃত হন। বিটিভিতে একদিন গান করার সময় তিনি আল মনসুরের নজরে আসেন। তিনি দিতিকে খুঁজে বের করে মানস বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ‘লাইলি মজনু’ নাটকে কাস্ট করেন। নাটকটি প্রচারের পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু দিতির অভিনয় চালিয়ে যাওয়ার ব্যাপারে পরিবার থেকে বাধা আসে। বেশ কিছু দিন বিরতি নিয়ে আবারো ফখরুল আবেদীনের প্রযোজনায় ‘ইমিটেশন’ নাটকে তিনি অভিনয় করেন। এর পরই চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে তার কাছে প্রচুর অফার আসতে থাকে। তবে দিতি ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্রে নিজেকে পুরোপুরি জড়িয়ে নেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। এ ছবিতে তার নায়ক ছিলেন আফজাল হোসেন। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।
আরও পড়ুন : ৮৫ লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন নুসরাত ফারিয়া
দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এ ছবিতে দিতির অনবদ্য অভিনয় দর্শকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। এরপর আর দিতিকে পেছন ফিরে তাকাতে হয়নি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দিতি সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
প্রয়াত পরিচালক সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের সুবাদে দিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
দিতি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উসিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, শেষ উপহার, চরম আঘাত, স্বামী-স্ত্রী, অপরাধী, কালিয়া ও আকাশ ছোঁয়া ভালোবাসা।
এন এইচ, ২০ মার্চ









