পাচারকৃত অর্থ ও সম্পদ দেশে ফেরাতে আইএসিসিকে সহযোগিতার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

ঢাকা, ২১ সেপ্টেম্বর- বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারকে (আইএসিসিসি) প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সোমবার ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারের (আইএসিসিসি) একটি উচ্চপর্যায়ের আইনগত প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় অ্যাটর্নি জেনারেল তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডেভিড টাউনসেন্ডের নেতৃত্বে আইএসিসিসির প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সিনিয়র ইনভেস্টিগেটর অ্যালেক্স হোড, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যানালিস্ট রাইহান রহমান এবং সিঙ্গাপুরের একজন আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার বিশেষজ্ঞ।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান আইনগত চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আইসিসিসির প্রতিনিধিদল আন্তর্জাতিকভাবে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান আইনগত প্রতিবন্ধকতা দূর করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন।
অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







