নতুন গান নিয়ে ভাবছেন কোনাল

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – এ সময়ের বাংলা সংগীতের প্রিয়মুখ সোমনুর মনির কোনাল। এর মধ্যে বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবশেষ বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণাধীন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের গান নিয়েই বেশি ব্যস্ত কোনাল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে সিনেমায় গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এটা তো সবার কাছেই স্বপ্নের ব্যাপার। প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে সিনেমায় গান গাওয়ার। এখন যেহেতু গান গাওয়ার সুযোগ হচ্ছে। প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন কী গান দেওয়া যায়, সেটা নিয়ে ভাবছি।’
আরও পড়ুন : কার সাথে কার পরকীয়া এসব ভেবে মাথা নষ্ট করবেন না’
দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পথচলা শুরু করেছেন কোনাল। সম্প্রতি জার্মান সংগীত পরিচালক রবার্ট বার্থার সংগীত পরিচালনায় ‘থ্রো দ্য টাইগার্স আই’ শিরোনামে তার গাওয়া একটি গান প্রকাশ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এ গানে বাংলাদেশ, জার্মানি, স্পেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, মাল্টা, ব্রাজিল ও পোল্যান্ডের ১০ দেশের ১০ শিল্পী কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন কোনাল। গানটির বাংলা ভাষার অংশটিও (চার লাইন) লেখা এ গায়িকার।
এই গান নিয়ে কোনাল বলেন, ‘এটা অন্যরকম একটি অভিজ্ঞতা। স্বাধীনতার মাস মার্চ সামনে রেখে গানটি নিয়ে সংগীত পরিচালক রবার্ট বার্থার অনেক পরিকল্পনা সাজিয়েছেন। করোনার কারণে ছোট পরিসরেই সেসব আয়োজন হবে। দেশও দেশের বাইরে কনসার্ট হবে। এক্সিবিশন হয়েছে। একটা বই বের হচ্ছে। অনেক কিছুর পরিকল্পনা আছে।’
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি








