উত্তর আমেরিকা

শুল্ক এড়াতে কানাডীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে আসার আহ্বান ট্রাম্পের

ওয়াশিংটন, ৩১ আগস্ট – কানাডার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই দেশটির কোম্পানিগুলোকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ট্রাম্প বলেন, নতুন আরোপিত শুল্ক এড়াতে কানাডীয় প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের সদর দপ্তর ও উৎপাদন কেন্দ্র যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া।

সেখানে কার্যক্রম পরিচালনা করলে কোনো ধরনের শুল্ক দিতে হবে না বলেও তিনি উল্লেখ করেন। আমেরিকার সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক সব কানাডীয় কোম্পানিকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে চলে আসার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা সফল না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্রাম্প এরই মধ্যে দুগ্ধজাত পণ্য ও কাঠসহ বেশ কিছু কানাডীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় কানাডাও যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। অন্য এক পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সবচেয়ে খারাপ বাণিজ্য অংশীদার হিসেবে অভিহিত করেন। অথচ তথ্য অনুযায়ী কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।

প্রতি বছর দেশ দুটির মধ্যে প্রায় ৯০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন হয়। ট্রাম্প দাবি করেন, কয়েক দশক ধরে কানাডা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে আসছে। তিনি আরও জানান যে তিনি কানাডার গাড়ি বা অন্য কোনো পণ্য চান না।

এদিকে কানাডার ওন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের এই নীতির সমালোচনা করেছেন। তিনি বলেন, এই বাণিজ্যযুদ্ধ উভয় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সতর্ক করেছেন যে কানাডা আরও পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রও তার কঠোর জবাব দেবে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬

Back to top button