জাতীয়

আগস্টের ২৬ দিনে ২৪৫ কোটি ডলারের রেমিট্যান্স, বেড়েছে ২২ শতাংশ

ঢাকা, ২৭ আগস্ট – চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে মোট ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের ১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ ডলারে। এর মধ্যে কেবল ২৫ ও ২৬ আগস্ট এই দুই দিনেই প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত সময়ে দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ৫৬ দিনে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের উৎসাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ এবং বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language