দক্ষিণ এশিয়া

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ ৩০০ জন ভারতীয়, যাদের বেশির ভাগই তীর্থযাত্রী

কাঠমান্ডু, ২৭ আগস্ট – নেপালের রসুয়া অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যায় কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন যারা মূলত মানসসরোবর তীর্থযাত্রার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে বক্তব্য রাখার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি দুর্যোগের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান যে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রসুয়া অঞ্চলের একাধিক শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ১৬২ জন প্রাণ হারিয়েছেন এবং অগণিত পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। নিখোঁজদের উদ্ধার এবং দুর্যোগের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে নেপাল সরকার কাজ করছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান যে ক্ষতিগ্রস্ত এলাকাটি মানসসরোবর যাত্রার রুট হওয়ায় সেখানে অনেক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী অবস্থান করেন। নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। বর্তমানে ওই ৩০০ জন ভারতীয়র সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না।

শিশির খানাল আরও বলেন যে নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নেপাল সরকার নিবিড় যোগাযোগ রক্ষা করছে। নেপালি নাগরিকদের মতো বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬

Back to top button