জাতীয়

ঢাকায় যাত্রাবিরতিকালে ভুটানের রাজাকে বিমানবন্দরে রাষ্ট্রপতির অভ্যর্থনা

ঢাকা, ২৬ আগস্ট – ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ২৬ আগস্ট ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থানকালে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এবং সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের জন্য আমন্ত্রণ জানান। এছাড়া তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতির কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক এবং অত্যন্ত গভীর। ভুটান সবসময় বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থানে রয়েছে।

ভুটানের রাজা তার দেশের শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার দূরদর্শী গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলে বাংলাদেশ এই উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।

এই সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সফর শেষে সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের রাজা বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন।

এনএন/ ২৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language