নড়াইল

অনলাইনে সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা: নড়াইল থেকে গ্রেফতার ২

নড়াইল, ২১ আগস্ট – দেশের বাজারে বর্তমানে প্রতি কেজি ইলিশের দাম আড়াই থেকে তিন হাজার টাকা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র আটশ টাকায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে নড়াইল থেকে এই প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে নড়াইলের কালিয়া উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার হাবিবুর রহমান এবং নয়ন মৃধা।

অনুসন্ধানে জানা গেছে, চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের নিবন্ধিত ব্যবসায়ীরা কেবল নগদ অর্থ পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি শর্তে মাছ সরবরাহ করে থাকেন। অন্যদিকে প্রতারক চক্রটি সস্তায় মাছের বিজ্ঞাপন দিয়ে অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছিল।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সুস্বাদু ইলিশের লোভনীয় অফার দিয়ে আসছিল। অনেক মানুষ এই প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, প্রতারক চক্রটি সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এই অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করা হয়।

এস এম/ ২১ আগস্ট ২০২৬

Back to top button