বাউবির শৃঙ্খলা কমিটির সভায় ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান

গাজীপুর, ২১ আগস্ট – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শৃঙ্খলা কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভাটি সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৪০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যবৃন্দ পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষার গুণগত মান রক্ষা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব বলে কর্তৃপক্ষ মনে করে।
সভায় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ উপস্থিত ছিলেন।
এস এম/ ২১ আগস্ট ২০২৬







