মধ্যপ্রাচ্য

তুরস্ক ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির গুরুত্ব তুলে ধরলেন সৌদি বাদশাহ

রিয়াদ, ১২ আগস্ট – তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে তিন দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার সক্ষমতা আরও সুসংহত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত শুক্রবার মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সম্মেলনে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সালমান এই চুক্তির গুরুত্ব তুলে ধরেন।

সৌদি প্রেস এজেন্সি তার এই বক্তব্য প্রকাশ করেছে। বাদশাহ সালমান বলেন যে মক্কার এই বৈঠক তিন দেশের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অভিন্ন কৌশলগত স্বার্থকে এগিয়ে নেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।

চুক্তির আওতায় তিন দেশ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যৌথ নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। উল্লেখ্য যে মক্কা চুক্তিটি মূলত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক বছর আগে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

আঞ্চলিক কর্মকর্তাদের মতে ভবিষ্যতে আরও দেশ এই উদ্যোগে যুক্ত হতে পারে যা বৃহত্তর সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থায় রূপ নেবে। চুক্তির অন্যতম প্রধান দিক হলো তিন দেশের যেকোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে যা অনেকটা ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নীতির অনুরূপ। তবে এই নতুন জোটের পূর্ণাঙ্গ কাঠামো ও কার্যপ্রণালি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language