ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল: নেতৃত্বে ‘র’ প্রধান পরাগ জৈন

ঢাকা, ১০ আগস্ট – বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন।
রোববার দুপুরে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলটি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। সফরের সময় তারা রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন।
পরাগ জৈনের এই সফরে তার সাথে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সেক্রেটারির পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা সফরের আগে তিনি চীন সফর করেছেন বলে জানা গেছে। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুই প্রতিবেশী দেশের বর্তমান প্রেক্ষাপটে ‘র’ প্রধানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচনার বিষয়বস্তু কিংবা বাংলাদেশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএন/ ১০ আগস্ট ২০২৬









