শিক্ষা

চট্টগ্রামের ৫ জেলায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

চট্টগ্রাম, ৯ আগস্ট – বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন এই সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের এই পাঁচটি জেলার ২০২৬ সালের আলিম পরীক্ষার মোট ১১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

স্থগিত হওয়া সেই পরীক্ষাগুলোই এখন ২০ আগস্ট থেকে নতুন করে নেওয়া হবে। একই সাথে সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও সংশোধন করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। তবে বিশেষ কোনো প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button