মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি খোলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর শর্ত

তেহরান, ৮ আগস্ট – ওমানের সঙ্গে চলমান আলোচনার ভিত্তিতে নয় বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের সব শর্ত মেনে নেওয়ার ওপরই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

ইরানের আধা সামরিক বাহিনীটির মুখপাত্র সরদার মহেবি সম্প্রতি এই কঠোর বার্তা প্রদান করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্যটি নিশ্চিত করেছে। আইআরজিসি এর মুখপাত্র জানান যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব পদ্ধতি ও সুনির্দিষ্ট শর্তের ওপর নির্ভরশীল।

এক্ষেত্রে ওমানের সঙ্গে কোনো দেশের আলোচনার সরাসরি কোনো প্রভাব নেই। তিনি আরও উল্লেখ করেন যে হরমুজ প্রণালি ইরানের কাছে কেবল একটি সাধারণ অর্থনৈতিক জলপথ নয় বরং এটি তাদের ভৌগোলিক অখণ্ডতা ও কৌশলগত সক্ষমতার একটি অবিচ্ছেদ্য অংশ।

সরদার মহেবি আরও যোগ করেন যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের আরোপিত সকল শর্তাবলী পুরোপুরি মেনে নিতে হবে। একই সাথে এই অঞ্চলে যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ বন্ধ করাও প্রণালিটি খুলে দেওয়ার একটি অন্যতম প্রধান পূর্বশর্ত। তিনি স্পষ্টভাবে বলেন যে যেদিন ওয়াশিংটন তেহরানের শর্তসমূহ মেনে নেবে সেদিনই কেবল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button