কুমিল্লা

তনু হত্যা মামলা: নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় হাফিজুর গ্রেপ্তার

কুমিল্লা, ৮ আগস্ট – কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন হাফিজুর রহমান। এরপর ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।

একই সাথে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় পিবিআই। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন নাট্যকর্মী সোহাগী জাহান তনু।

ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছিল পিবিআই।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button