জনদুর্ভোগ বাড়লেও সরকার বিরোধী দমনে ব্যস্ত বলে মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের

ঢাকা, ৩ আগস্ট – নতুন সরকারের প্রথম পাঁচ মাসেই দেশের চারদিকে জনদুর্ভোগ এবং মানুষের ক্ষোভ চরমভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে দেশে লুটপাট, চাঁদাবাজি এবং দুর্নীতির সিন্ডিকেট জেঁকে বসেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের ভুতুড়ে বিল জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি আরও বলেন, গ্যাসের সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মানুষ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে মহিলারা রাজপথে রান্নার সরঞ্জাম নিয়ে বিক্ষোভ করছেন, তবুও সরকারের নজর সেদিকে নেই। পোশাক, সার ও ইস্পাত কারখানার উৎপাদন আশঙ্কাজনক হারে কমে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চাল, ডাল, চিনি ও কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অথচ সরকার সংবিধান সংশোধন ও বিরোধী দল দমনেই বেশি মনোযোগী।
তিনি সরকারকে ফ্যাসিবাদের পথ পরিহার করে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে এবং গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশবাসীকে জনদুর্ভোগের বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









