ইউরোপ

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি: জরুরি অবস্থার মাত্রা হ্রাস

মাদ্রিদ, ৩১ জুলাই – স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানল পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অগ্নিনির্বাপণ বাহিনীর কয়েক দিনের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থার মাত্রা কমিয়ে আনা হয়েছে।

তবে তীব্র তাপদাহের কারণে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ এখনো সতর্ক অবস্থানে রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর জরুরি অবস্থার শ্রেণি কমিয়ে অপারেশনাল লেভেল-২ এ নামিয়ে আনা হয়েছে।

পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আভিলা ও মাদ্রিদে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও তা যেন পুনরায় না জ্বলে ওঠে সেজন্য জরুরি সেবাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এছাড়া তোলেদো অঞ্চলের আরেকটি দাবানলও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্মকর্তারা কড়া নজর রাখছেন। দাবানল মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত সফল ও কার্যকর ছিল।

তাদের দ্রুত পদক্ষেপের ফলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা সীমিত রাখা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া নতুন দাবানলের ঝুঁকি তৈরি করতে পারে বিধায় জরুরি সেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language