প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার: এল ৭৮০ কেজি আনারস

ঢাকা, ২৯ জুলাই – বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি বিখ্যাত কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহারের চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
১০০টি কাঠের বক্সে মোট ৬২০টি আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল যার প্রতিটির গড় ওজন ১ কেজিরও বেশি। ত্রিপুরার এই বিশেষ জাতের আনারস স্বাদের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই উপহার গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনস্যুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস এবং সজীব চক্রবর্তী। এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা সরকারের পক্ষে এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। তার সঙ্গে ছিলেন কৃষি বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। হস্তান্তর শেষে অপূর্ব রায় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই শুভেচ্ছা উপহার তারই বহিঃপ্রকাশ। দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









