ফুটবল

ফুটবল মাঠের পর এবার অভিনয়ের জগতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

লিসবন, ২৮ জুলাই – ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতে নিজের নাম লেখাতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি এর নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে যুক্তরাজ্য ভিত্তিক ফুটবল জগতকে কেন্দ্র করে নির্মিত ডে ওয়ানস নামক একটি সিরিজে দেখা যাবে তাকে। এই ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন এবং পেশাগত নানা চ্যালেঞ্জকে ঘিরে।

সিরিজে এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মূল ভাবনায় নির্মিত এই সিরিজটি পরিচালনা করছেন ম্যাথিউ ভন। রোনালদো ও ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওসের এটিই প্রথম টেলিভিশন প্রকল্প।

রোনালদোর সঙ্গে এই সিরিজে আরও যুক্ত হয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। অভিনয় শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং কার্লোটা বানাট। লন্ডনে ইতোমধ্যে সিরিজটির চিত্রধারণ শুরু হয়েছে। যদিও এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর স্বত্ব কেনেনি।

এদিকে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের পর তিনি পর্তুগাল দল থেকে অবসর নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button