পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

মুম্বাই, ২৮ জুলাই – বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা টাইগার শ্রফ এবার ফুটবল মাঠে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। ঐতিহাসিক ও সম্মানজনক ডুরান্ড কাপের জন্য মুম্বাই ফুটবল ক্লাবের নিবন্ধিত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভিনেতাকে। এই প্রতিযোগিতার মাধ্যমেই পেশাদার ফুটবলার হিসেবে সবুজ গালিচায় অভিষেক ঘটতে পারে তার।
ক্লাবের অন্যতম সহ মালিক জোহেব আমলানির দেওয়া তথ্য অনুযায়ী টাইগার বর্তমানে দলের খেলোয়াড়দের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন এবং গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচের জন্য দলের সঙ্গে মেঘালয়ের শিলং সফর করতে পারেন।
জোহেব আমলানি এক সাক্ষাৎকারে জানান যে টাইগার তাদের স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন এবং তারা বিষয়টি বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। টাইগারের মতো একজন জনপ্রিয় তারকার জন্য ছোট শহরগুলোতে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে কারণ মাঠে সাধারণ মানুষের ভিড় জমলে পরিস্থিতি বিশৃঙ্খল হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান যুগে ছোট কোনো বিষয়ও অনেকসময় বড় আকার ধারণ করে বিধায় সবকিছু মাথায় রেখেই তার সফরের তারিখ নির্দিষ্ট করা হচ্ছে। ফুটবলের প্রতি টাইগারের টান নতুন কিছু নয়। ২০২৪ সালে মুম্বাই এফসি ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং মুম্বাই ডিস্ট্রিক্ট লিগে নিয়মিত প্রতিনিধিত্বও করেছেন।
২০২৩ সালে একটি টুর্নামেন্টে অভিনেতা রণবীর কাপুর এবং ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে টাইগারের ফুটবল দক্ষতা দেখে মুগ্ধ হন জোহেব আমলানি। তিনি জানান যে টাইগারের গেম প্ল্যান নিয়ে কারিগরি ধারণা বেশ পরিষ্কার এবং তিনি স্লাইড ট্যাকেল ও ড্রিবলিংয়ের দারুণ ভক্ত।
চলমান ডুরান্ড কাপে মুম্বাই এফসি তাদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। আগামী ৩ আগস্ট লাংসনিং এসসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুম্বাই এফসি তাদের অভিযান শুরু করবে।
এরপর ৮ আগস্ট ২০২৪ সালের সেমিফাইলিস্ট শিলং লাজংয়ের মুখোমুখি হবে দলটি এবং ১১ আগস্ট নংকেসে এসএস অ্যান্ড সিসির বিরুদ্ধে খেলবে মুম্বাইয়ের এই ফুটবল ক্লাবটি।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









