বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গা, ২৭ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ ও বিএনপির তীব্র সমালোচনা করেছেন। সোমবার বিকেলে চুয়াডাঙ্গার বড়বাজার চৌরাস্তার মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপিও ঠিক একইভাবে ভোট কারচুপির জন্য নতুন নীলনকশা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে।
জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জোনায়েদ, সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
এনএন/ ২৭ জুলাই ২০২৬









