জাতীয়

চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, তৈরি হয়েছে লঘুচাপ

ঢাকা, ২৫ জুলাই – দেশের চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী সময়ে দেশের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language