জাতীয়

দেশে একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭২ জন

ঢাকা, ২০ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। সর্বশেষ মৃত্যুবরণ করা তিন ব্যক্তি বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৩৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪৬ জন এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮৬ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

এলাকাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে ১৯ জন এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে।

এ বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন এবং চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন চিকিৎসা নিয়েছেন।

এনএন/ ২০ জুলাই ২০২৬

Back to top button