স্পেনের কাছে বিধ্বস্ত আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড

বুয়েনস আইরেস, ২০ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ইতিহাসের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে কোনো শটই নিতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা।
এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত ও নেতিবাচক রেকর্ডের মালিক হলো আলবিসেলেস্তেরা। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো ফাইনালিস্ট দল পুরো ম্যাচে একটিও শট নিতে ব্যর্থ হলো।
লিওনেল মেসির উপস্থিতিতেও আর্জেন্টিনার আক্রমণভাগ পুরো ম্যাচজুড়ে ছিল নিষ্প্রভ। পুরো ম্যাচে বলের দখল ও ছন্দ ছিল স্পেনের নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে রাখলেও নিজেদের গোলরক্ষক উনাই সিমনকে কোনো পরীক্ষার মুখেই পড়তে দেয়নি স্প্যানিশরা।
ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনার দুর্দশার চিত্র ফুটে ওঠে। বিরতিতে যাওয়ার আগে দুই দল মিলিয়ে মাত্র তিনটি শট হয় যার প্রতিটিই ছিল স্পেনের। ১৯৬৬ সালের পর এটিই ছিল বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সবচেয়ে কম শট নেওয়ার ঘটনা।
এর আগে ১৯৯০ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। রোমের সেই ম্যাচে ম্যারাডোনার একটি ফ্রি কিক ছিল দলের একমাত্র প্রচেষ্টা।
তবে ২০২৬ সালের ফাইনালে সেই নেতিবাচক রেকর্ডকেও ছাপিয়ে গেল স্কালোনির দল। স্পেনের বিপক্ষে আক্রমণে এই চরম ব্যর্থতা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে গণ্য হবে।
এস এম/ ২০ জুলাই ২০২৬









