যমুনায় শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৯ জুলাই – যুগপৎ আন্দোলন ও সংগ্রামের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে সভায় কোন কোন দল অংশ নেবে বা সুনির্দিষ্ট আলোচ্যসূচি কী হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরেও বিএনপির সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এই সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে।
সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম কোনো আনুষ্ঠানিক মতবিনিময় সভা। রাজনৈতিক মহলে এই উদ্যোগকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে না। বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের একটি রূপরেখা তৈরির প্রক্রিয়া হিসেবে একে গণ্য করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে মোট ৪২টি রাজনৈতিক দল সক্রিয় ছিল। নির্বাচনের সময় শরিকদের ১১টি দলকে ১৬টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি।
সরকার গঠনের পর শরিকদের মধ্য থেকে দুজন নেতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও অধিকাংশ দল এখনো প্রত্যাশিত প্রতিনিধিত্ব পায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। জোটে থাকা শরিক সূত্রগুলো জানায় নির্বাচনের আগের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে সামান্য অসন্তোষ রয়েছে। এই প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই নৈশভোজ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমানের সঙ্গে এই খোলামেলা আলোচনায় শরিক দলগুলোর ক্ষোভ নিরসন হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এনএন/ ১৯ জুলাই ২০২৬









