যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি করল ইরান

তেহরান, ১৯ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০০ থেকে ৬০০ কোটি ডলার। তবে বর্তমানে সেই যুদ্ধবিরতির পরিস্থিতি পাল্টে গেছে এবং দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বেসরকারি সংস্থা ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময়ে ইরানের অন্তত ২০টি তেলবাহী ট্যাংকার এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে রওনা হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল গত ২২ জুন একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল যা ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় ৭ জুলাই সেই লাইসেন্স বাতিল করা হয়। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।
জর্ডানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় ইরানের অর্ধশতাধিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা রিফুয়েলিং বিমান এবং অত্যাধুনিক এফ ১৬ ও এফ ৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে ওয়াশিংটন।
জার্মানি ও ব্রিটেন থেকে এই যুদ্ধবিমানগুলো নির্দিষ্ট অঞ্চলে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করে জানিয়েছে যে ওই অঞ্চলের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অনিশ্চিত।
এস এম/ ১৯ জুলাই ২০২৬









