বায়ু ও শব্দ দূষণ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ১৮ জুলাই – ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কীভাবে হর্ন নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী সব ধরণের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
একইসঙ্গে রাজধানীতে অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ১৮ জুলাই ২০২৬







