মধ্যপ্রাচ্য

তেহরানে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বিশালাকার বিলবোর্ড স্থাপন

তেহরান, ১৭ জুলাই – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন স্কয়ারে উন্মোচিত এই বিলবোর্ডে মার্কিন পতাকায় মোড়ানো বেশ কিছু কফিনের ওপর ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের ছবি প্রদর্শন করা হয়েছে।

ছবির পটভূমিতে হোয়াইট হাউসের দৃশ্য রাখা হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে প্রচারিত এই ম্যুরালটি ট্রাম্পের বিরুদ্ধে চলমান হুমকির মধ্যে সবচেয়ে ব্যক্তিগত ও নজিরবিহীন আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। রক্তের বদলে রক্ত স্লোগান সংবলিত এই বিলবোর্ডের মাধ্যমে মূলত ট্রাম্প পরিবারকে লক্ষ্য করে প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবারের সদস্যরা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।

ট্রাম্পের এই বিলবোর্ডে তার স্ত্রী মেলানিয়া এবং পাঁচ সন্তান ইভাঙ্কা, ব্যারন, টিফানি, ডোনাল্ড জুনিয়র ও এরিকের ছবি ব্যবহার করে মূলত খামেনির পরিবারের ওপর হওয়া হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের প্যালেস্টাইন স্কয়ার দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী প্রচারণার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এর পাশাপাশি এঙ্গেল্যাব স্কয়ারেও আরেকটি বিলবোর্ড দেখা গেছে যেখানে ট্রাম্পকে একটি কালো কফিনের ভেতর চোখ বন্ধ অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। সেখানে ফারসি ও ইংরেজি ভাষায় আমরা ট্রাম্পকে হত্যা করব বার্তাটি লেখা রয়েছে।

এছাড়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নাম উল্লেখ করে পরবর্তী কে লেখা আরেকটি ম্যুরালও তেহরানের রাস্তায় দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা তাদের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছেন।

এমনকি খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা শান্তিতে থাকতে পারবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এর আগেই সতর্ক করে বলেছেন যে ইরানের পক্ষ থেকে তাকে হত্যার যেকোনো চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র তার অত্যন্ত কঠোর ও বিধ্বংসী জবাব দেবে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language