ফুটবল

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

বুয়েনস আইরেস, ১৬ জুলাই – আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিওনেল মেসি। যদিও এই ম্যাচে তিনি নিজে কোনো গোল করতে পারেননি, তবে দলের দুটি গোলেই ছিল তার সরাসরি অবদান।

দুই অ্যাসিস্টের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এখন শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুরুতে পিছিয়ে পড়লেও মেসির অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করার ফলে চলতি আসরে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে চারে। গোলসংখ্যার বিচারে বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে দুজনেই সমানে সমান। উভয়েরই গোল ৮টি করে।

তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গোল সংখ্যা সমান হলে অ্যাসিস্টের হিসাব বিবেচনায় নেওয়া হয়। এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪টি অ্যাসিস্ট থাকায় তিনি এখন তালিকার এক নম্বরে রয়েছেন। গোল্ডেন বুটের লড়াইয়ে ৭ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড।

তবে তার দল আসর থেকে বিদায় নেওয়ায় তার গোল সংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই। অন্যদিকে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের গোল সংখ্যা ৬টি করে। ফ্রান্সের উসমান দেম্বেলে ৫টি গোল এবং ২টি অ্যাসিস্ট নিয়ে লড়াইয়ে টিকে আছেন। স্পেনের মিকেল ওইয়ারসাবালও ৫টি গোল করে তালিকার প্রথম দিকে রয়েছেন।

আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে রবিবার মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন। এই শেষ ম্যাচগুলোর পারফরম্যান্সই চূড়ান্ত করবে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সম্মান। আপাতত লিড থাকলেও ফাইনালের উত্তাপে মেসি না কি এমবাপ্পে শেষ হাসি হাসবেন তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language