ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ স্পেন

বুয়েনস আইরেস, ১৬ জুলাই – আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হ্যারি কেইন এবং জুড বেলিংহামদের প্রতিরোধ ভেঙে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।
আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের মুখোমুখি হবে ইউরোপীয় পরাশক্তি স্পেন। আর্জেন্টিনার এই জয়ের ফলে ফুটবল বিশ্বে এক দীর্ঘ প্রতীক্ষিত লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে। বিশ্বকাপের ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে।
অনেক ফুটবলপ্রেমী এই লড়াইকে হারিয়ে যাওয়া ফাইনালিসমার সার্থক রূপ হিসেবে দেখছেন। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল স্পেন। তখন থেকেই আলোচনা শুরু হয় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে।
কারণ এই ম্যাচের জয়ী দলের ওপরই নির্ভর করছিল ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা দ্বৈরথ দেখার সম্ভাবনা। চলতি বছরের মার্চে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফাইনালিসিমা ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। কাতারের দোহায় ম্যাচটি হওয়ার কথা ছিল।
কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়। পরবর্তীতে স্পেনের মাদ্রিদে খেলার প্রস্তাব আসলেও আর্জেন্টিনা তাতে অসম্মতি জানায়। তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি তুলেছিল। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় ম্যাচটি আর হয়নি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে।
ইংল্যান্ডকে পরাজিত করে আর্জেন্টিনা এখন সেই স্বপ্নের ফাইনালের লক্ষ্যে প্রস্তুত। টানা সাফল্য ধরে রাখা স্পেন এবং শিরোপা রক্ষার মিশনে থাকা আর্জেন্টিনার এই মহারণকে অনেকেই আসরের সেরা ম্যাচ হিসেবে অভিহিত করছেন। এখন বিশ্ব তাকিয়ে আছে আগামী রবিবারের দিকে যখন নির্ধারণ হবে ফুটবলের নতুন শ্রেষ্ঠত্ব।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









