এশিয়া

মার্কিন হামলায় ইরানে বহু হতাহত, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

বেইজিং, ১৫ জুলাই – ইরানে টানা পঞ্চম দিনের মতো জোরালো সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন,

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে। চিকিৎসা শেষে ২২২ জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি জানিয়েছেন, সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে শহরটিতে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই মন্তব্য করেছেন যে, এ ধরনের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ তুলেছিলেন যে ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ ঠেকাতে চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সান লেই এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, চীন তার রপ্তানি কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের এখন প্রধান কাজ হওয়া উচিত নতুন করে সংঘাত সৃষ্টি করা বন্ধ করা।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button