ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন: টানা তিন সেমিফাইনালে জয়ের রেকর্ড

মাদ্রিদ, ১৫ জুলাই – ইউরোপীয় ফুটবলে ফ্রান্সের জন্য স্পেন বর্তমানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে বড় আসরের সেমিফাইনালে দুই দলের লড়াইয়ে ধারাবাহিকভাবে জয়লাভ করছে স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশরা।
এই জয়ের মাধ্যমে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর বিরল কীর্তি গড়ল স্পেন। পরিসংখ্যান বলছে গত তিন বছরের ব্যবধানে তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়েছে লা রোহারা।
২০২৪ সালের ইউরো সেমিফাইনালে ২-১ গোলে জয়ের পর ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে জয় পায় স্পেন। সর্বশেষ ২০২৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ২-০ গোলের জয় তাদের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।
দলগত নৈপুণ্য ও কার্যকর ফুটবল কৌশলে তারা নিজেদের ইউরোপের অন্যতম শক্তিশালী দল হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের জন্য এই হার আরেকটি হতাশার অধ্যায় হয়ে রইল। বড় মঞ্চে স্পেনের বিপক্ষে বারবার ব্যর্থ হওয়ায় নতুন করে নিজেদের রণকৌশল নিয়ে ভাবার চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসিরা।
এখন স্পেনের লক্ষ্য তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন। ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









