জাতীয়

দুর্যোগ মোকাবিলায় মানুষের জীবন রক্ষা বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১২ জুলাই – দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষাকেই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কাজে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

রোববার দুপুরে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনসহ মাঠপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি এই সভায় যুক্ত হন।

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষা, দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠপ্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সভায় মাঠপ্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, আশ্রয়কেন্দ্রের অবস্থা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি প্রধানমন্ত্রীকে জানান।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ এবং পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ এবং গর্ভবতী নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি বা ত্রাণ আত্মসাতের মতো অপরাধ করতে না পারে।

ত্রাণ বিতরণে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন সবার আগে সহায়তা পান।

সভায় নদ নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়। চট্টগ্রাম থেকে যুক্ত কর্মকর্তারা জানান সেখানে জলাবদ্ধতা কমতে শুরু করলেও সিলেট অঞ্চলে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে।

প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

এনএন/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language