ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার ইতিহাস গড়লেন পিকফোর্ড

লন্ডন, ১২ জুলাই – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এই ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার একক রেকর্ড এখন তার দখলে।
নরওয়ের বিপক্ষে লড়াইটি ছিল বিশ্বকাপে পিকফোর্ডের ১৮তম ম্যাচ। এর মাধ্যমে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৭ ম্যাচের রেকর্ডটি টপকে যান। এর আগে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলেই শিলটনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এভারটনের এই তারকা।
৩২ বছর বয়সী পিকফোর্ড ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে বিশ্বমঞ্চে আবির্ভূত হন। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ আসরসহ টানা তিনটি বিশ্বকাপে দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে আস্থার প্রতীক হয়ে আছেন তিনি।
অন্যদিকে পিটার শিলটন ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তবে ম্যাচ সংখ্যার বিচারে পিকফোর্ড এখন সবার উপরে।
এদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও নরওয়ের বিপক্ষে নিজের ১৭তম বিশ্বকাপ ম্যাচ খেলছেন। এর ফলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি বর্তমানে শিলটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
এস এম/ ১২ জুলাই ২০২৬









