রেফারিদের সিদ্ধান্তের পক্ষে লিসান্দ্রো মার্তিনেজ, সামনে কঠিন সুইজারল্যান্ড

বুয়েনস আইরেস, ১১ জুলাই – সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটির ফুটবলারদের মুখোমুখি হতে হচ্ছে মিশরের বিপক্ষে ম্যাচে ওঠা রেফারিং বিতর্ক নিয়ে। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ সেই বিতর্ক সরাসরি উড়িয়ে দিয়েছেন।
তিনি দাবি করেছেন যে, ম্যাচ পরিচালনাকারীরা অত্যন্ত চমৎকার কাজ করেছেন। শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে পরবর্তীতে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ভিএআর এর ব্যবহার নিয়ে সমালোচনা শুরু করে।
বিশেষ করে ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর একটি গোল বাতিল হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় যা মিশরের ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারত। ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা অবশ্য পক্ষপাতের অভিযোগ প্রত্যাখ্যান করে রেফারিদের সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছেন।
রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন যে এটি কোনো সমস্যাই ছিল না এবং রেফারিরা তাদের কাজ সুচারুভাবে করেছেন। তিনি মনে করেন গণমাধ্যমই মূলত এসব বিতর্ক তৈরি করে। খেলোয়াড়রা কেবল মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দেন।
শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে মার্তিনেজ সতর্ক করে বলেন যে ইউরোপীয় দলটি বেশ শক্তিশালী এবং তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে সুইজারল্যান্ড সবসময় ফুটবল খেলার চেষ্টা করে এবং শারীরিক শক্তির পাশাপাশি সেট পিসেও তারা পারদর্শী।
লিসান্দ্রো মার্তিনেজের প্রত্যাশা অনুযায়ী উভয় দলই ভালো ফুটবল খেলার চেষ্টা করবে বলে ম্যাচটি উপভোগ্য হবে। এদিকে মিশরের বিপক্ষে প্রথম গোল করা ক্রিস্টিয়ান রোমেরো জানিয়েছেন যে দল নিজেদের দুর্বলতাগুলো শুধরে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন প্রতিপক্ষ কে তা বড় কথা নয় বরং নিজেদের ভুলগুলো কাটিয়ে ওঠাই তাদের মূল লক্ষ্য।
এস এম/ ১১ জুলাই ২০২৬









