উত্তর আমেরিকা

ন্যাটো সম্মেলনে ট্রাম্পের ভুল: ইরানকে বললেন ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’

ওয়াশিংটন, ৯ জুলাই – ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিভ্রান্তিকর ভুল করে আলোচনার জন্ম দিয়েছেন। মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিবরণ দিতে গিয়ে তিনি ইরানকে ভুলবশত ইসলামিক রিপাবলিক অব জাপান হিসেবে উল্লেখ করেন।

প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বক্তব্য চলাকালীন ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব জাপানের পক্ষ থেকে আমাদের ওপর ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা আমাদের বিমানবাহী রণতরিতে এই হামলা চালায় এবং এর প্রতিটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

মূলত ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান হওয়ায় ধারণা করা হচ্ছে তিনি ইরানকেই বোঝাতে চেয়েছিলেন। তবে তার এই অসতর্ক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত এবং দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান। ফলে ট্রাম্পের এই ভুলটি বিশ্লেষকদের মাঝেও বিষ্ময় তৈরি করেছে। একই সংবাদ সম্মেলনে তিনি ইরানের ওপর আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

ইরানের সঙ্গে বর্তমান অবস্থাকে যুদ্ধাবস্থা হিসেবে ইঙ্গিত করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চাইলে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, আমরা এখনও আমাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করছি না। প্রয়োজনে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।

ট্রাম্প উল্লেখ করেন যে তিনি এই ধ্বংসাত্মক পথে যেতে চান না, তবে পরিস্থিতি বাধ্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পিছপা হবে না মার্কিন প্রশাসন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language