ফুটবল

আর্জেন্টিনাকে অপরাজেয় মনে করছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন

বার্ন, ৮ জুলাই – দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ডের সামনে এবার বড় চ্যালেঞ্জ। শেষ আটে তাদের মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের অপরাজেয় মনে করছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন।

কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে ইয়াকিন জানান, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা একটি বিশেষ সুযোগ। তিনি আরও বলেন যে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়। তারা দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার ধরন ও মানসিকতা সম্পর্কে বেশ সজাগ।

অন্যদিকে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি সতর্ক। তার মতে, আর্জেন্টিনা দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার এবং একজন দক্ষ কোচ রয়েছেন।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সুইজারল্যান্ড শিবিরে ইনজুরি সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। দলের হয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি হাঁটুর চোটে ভুগছেন।

এছাড়া মিশেল এবিশার ও লুকা ইয়াকেজও বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language