উত্তর আমেরিকা

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত কিউবা: পর্যটন খাতে ধস ও মানবিক সংকটের মুখে দেশ

হাভানা, ৭ জুলাই – সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবার সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আদর্শিক বিরোধ এখন দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চরম আঘাত হয়ে দাঁড়িয়েছে। কিউবার অর্থনীতিকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্র বর্তমানে কঠোর বাণিজ্যিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ১ কোটি ৮ লাখ মানুষের ওপর। ষাটের দশক থেকে শুরু হওয়া এই অবরোধের মাত্রা ট্রাম্প প্রশাসনের আমলে আরও তীব্র হয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করায় কিউবার বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমে এসেছে। কিউবার অর্থনীতির অন্যতম প্রধান উৎস পর্যটন খাত এখন ধ্বংসের মুখে।

এক সময়ের মুখরিত পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকশূন্য। রাজধানীর পুরোনো হাভানার ঐতিহাসিক চত্বরগুলোতে আগের মতো ভিড় নেই। স্থানীয় শিল্পীরা পর্যটকদের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সরকারি হিসাব মতে, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ৫৮ শতাংশ কমেছে।

এর বিপরীতে প্রতিবেশী দেশগুলোতে পর্যটন ব্যবসা বেশ চাঙ্গা রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটের কারণে অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। কিউবানিয়া ট্রাভেলস এর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অস্থিতিশীল পরিবেশে পর্যটকরা ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলছেন।

পর্যটন খাত পুনরুদ্ধারে সরকার নতুন হোটেল নির্মাণে বিনিয়োগ করলেও সেগুলো এখন খালি পড়ে আছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল প্রবাসী কিউবানদের হোটেল পরিচালনার আহ্বান জানালেও পুঁজি ও উপকরণের অভাবে তাতে ইতিবাচক সাড়া মেলেনি। সার্বিকভাবে মার্কিন অবরোধের মুখে কিউবায় এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language