জুলাই অভ্যুত্থান নিয়ে অপপ্রচারের অভিযোগ: পিয়া ও আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

ঢাকা, ৫ জুলাই – জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর এবং মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এই সাধারণ ডায়েরি করা হয়।
রবিবার শাহবাগ থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান যে রাষ্ট্রসংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আশরাফ আলীকে।
যেহেতু বিষয়টি সাইবার সংক্রান্ত তাই এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে। এই জিডিতে আনিস আলমগীর ও জান্নাতুল ফেরদৌস পিয়া ছাড়াও উপস্থাপিকা সোমা ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী তুষ্টির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয় সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অন্যদিকে সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ আনা হয়েছে।
জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করার অভিযোগ তোলা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে অবমাননা এবং আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করার অভিযোগ আনা হয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









