এশিয়া

যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পিয়ং ইয়ং, ৫ জুলাই – উত্তর কোরিয়া তাদের নতুন পাঁচ হাজার টনের একটি নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রবিবার এক প্রতিবেদনে জানায় যে প্রেসিডেন্ট কিম জং উন সশরীরে উপস্থিত থেকে এই পরীক্ষা কার্যক্রম তদারকি করেছেন।

গত ৩ জুলাই কাং কন নামক যুদ্ধজাহাজটি থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-আর্টিলারি এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা চালানো হয়। জাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে দেশটির নৌবাহিনীতে যুক্ত করার নির্দেশ দিয়েছেন কিম। প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুনে জাহাজটি প্রথমবার নামানোর সময় যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে একদিকে কাত হয়ে গিয়েছিল।

পরবর্তীতে সেই ত্রুটি সংশোধন করে এটি পুরোপুরি প্রস্তুত করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও শুক্রবার জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এর কারিগরি দিকগুলো বিশ্লেষণ করছে।

কিম জং উন এই পরীক্ষার সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় দেশের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। পিয়ংইয়ং জানিয়েছে যে এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার নির্ভুলতা যাচাই করা।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language